দান করলেও থাকবে ভোগ-দখল, প্রবীণদের জন্য যুগোপযোগী নতুন ব্যবস্থা
সন্তান বা নিকটাত্মীয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর ঘরবাড়ির দখল হারানোসহ নানা বিপাকে পড়তে হচ্ছে অনেক প্রবীণকে। এমনকি সম্পত্তি পাওয়ার পর তা বিক্রি করে ফেলা কিংবা বয়স্ক দাতাকে নিজের বাড়ি থেকে উঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে বারবার। এই বাস্তবতায় ‘ভোগ-দখলের অধিকার সংরক্ষণসহ দান’ ব্যবস্থাকে প্রবীণদের অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ বলছেন নিবন্ধন সংশ্লিষ্টরা।
সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধনের মাধ্যমেই এ সুযোগ তৈরি হয়েছে। এতে জীবদ্দশায় সন্তান বা আত্মীয়ের নামে সম্পত্তি দান করলেও দলিলে ভোগ-দখলের অধিকার সংরক্ষণের শর্ত রাখা হলে দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও দখলে রাখতে পারবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই ব্যবস্থা সবার জন্য প্রযোজ্য হবে।
নিবন্ধন সংশ্লিষ্টদের ব্যাখ্যা অনুযায়ী, প্রচলিত হেবার ঘোষণাপত্র, দানের ঘোষণাপত্র বা দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পরই দানগ্রহীতার মালিকানা প্রতিষ্ঠিত হয়। পরে তিনি নামজারি করে আইনি পথেই সম্পত্তি হস্তান্তর বা বিক্রির সুযোগ পান। ফলে দান সম্পন্ন হওয়ার পর দাতার বসবাস ও দখল নিয়ে জটিলতার ঝুঁকি থেকে যায়। প্রতিকারের আশায় দাতা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গেলেও সমাধান মেলে না, কারণ নিবন্ধিত দলিল বাতিলের ক্ষমতা নিবন্ধন কর্মকর্তার নেই; সেই এখতিয়ার রয়েছে উপযুক্ত আদালতের। তাই দানের সময়েই দাতার দখলের অধিকার দলিলে সুরক্ষিত করা জরুরি বলে মনে করছেন কর্মকর্তারা।
নতুন ব্যবস্থায় উত্তরাধিকারী বা পছন্দের ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরের পাশাপাশি দাতা জীবদ্দশায় তা ভোগ ও দখলের নিরাপত্তাও পাবেন। প্রবীণ ও অসহায় দাতাদের সুরক্ষা নিশ্চিত করাই এই সংশোধনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

