জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় যুক্ত হাতে কাজ করবে বাংলাদেশ-ভারত

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:১৬ পিএম
জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় যুক্ত হাতে কাজ করবে বাংলাদেশ-ভারত

পরিবেশ সুরক্ষা, জলবায়ুর ঝুঁকি সামলানোর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সম্মিলিত প্রচেষ্টার বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি একথা বলেন। জনগণের কল্যাণ ও পারস্পরিক স্বার্থকে সামনে রেখে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে আন্তঃসীমান্ত বায়ুদূষণ ও নদীদূষণ মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পায়। দুই পক্ষই মনে করেন, এই সমস্যাগুলোর সমাধানে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিনিময়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিক যোগাযোগ এবং কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। এর পাশাপাশি কার্বন ক্রেডিট, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ অর্থনীতির বিকাশ নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের পরিবেশগত স্বার্থ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা, বায়ুদূষণ কিংবা জীববৈচিত্র্য হ্রাসের মতো চ্যালেঞ্জ কোনো দেশের সীমানায় আটকে থাকে না। তাই পারস্পরিক আস্থা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। মন্ত্রী আরও জানান, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ আন্তরিক। দুই দেশের জনগণের কল্যাণ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশ ও জলবায়ু খাতে সহযোগিতা আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...