জ্বালানি নিরাপত্তায় বহুমুখী কৌশল: বিকল্প উৎস অন্বেষণে সরকার

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৪:২১ পিএম
জ্বালানি নিরাপত্তায় বহুমুখী কৌশল: বিকল্প উৎস অন্বেষণে সরকার

দেশের অর্থনীতিকে বাইরের ধাক্কা থেকে রক্ষায় জ্বালানির একক উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের সন্ধানে এগোচ্ছে সরকার। জ্বালানি খাতের বহুমুখীকরণে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি এ কথা বলেন শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং নিয়ে আলোচনা হয়।

মন্ত্রীর ব্যাখ্যায়, কেবল একটি নির্দিষ্ট উৎসের ওপর চাপিয়ে থাকলে যুদ্ধ কিংবা বৈশ্বিক অস্থিরতার সময় অর্থনীতি মারাত্মক চাপে পড়তে পারে। তাই ঝুঁকি কমাতে জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার নীতি অবলম্বন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবন শতভাগ সৌরবিদ্যুতে পরিচালিত হচ্ছে। ধাপে ধাপে অন্যান্য সরকারি দপ্তর ও স্থাপনাতেও সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সহযোগিতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে কাজ করছে বাংলাদেশ। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নতুন উৎস এবং ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সম্ভাবনা নিয়েও কাজ চলছে। বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এগোচ্ছে জানিয়ে তিনি উল্লেখ করেন, এলএনজি আমদানির ক্ষেত্রেও একাধিক উৎস নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

জ্বালানির পাশাপাশি বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তার ভাষায়, বন্যা, অবৈধ অভিবাসন কিংবা নানা সংকটের দেশ হিসেবেই শুধু বিশ্বের সামনে পরিচয় দিতে চায় না সরকার। বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠা করতে চায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...