৩ বছর পার হলেই বদলি: ভূমি অফিসের কর্মীদের জন্য নতুন নির্দেশ
একই ভূমি অফিসে টানা তিন বছর বা তার বেশি সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধাপে ধাপে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। নথিতে সই করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
ভূমিসেবা জনগণের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম উল্লেখ করে পরিপত্রে বলা হয়েছে, এ খাতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন জরুরি। দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব করলে স্থানীয়ভাবে অতিরিক্ত ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থের সংশ্লিষ্টতা গড়ে ওঠার আশঙ্কা থাকে, যা দায়িত্ব পালনের নিরপেক্ষতা ও স্বচ্ছতায় বিঘ্ন ঘটাতে পারে। সংবেদনশীল ভূমি ব্যবস্থাপনায় নিয়মিত রোটেশনের মাধ্যমে এই ঝুঁকি কমানো এবং প্রশাসনের গতিশীলতা ধরে রাখাই সমীচীন বলে মন্তব্য করা হয়েছে।
এ লক্ষ্যে প্রতিটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরতদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও মেয়াদসহ একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। ওই তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় একই জায়গায় কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের ক্রমান্বয়ে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে দীর্ঘমেয়াদি একক পদায়নে নিরুৎসাহিত করার এ উদ্যোগে ভূমি সেবায় জবাবদিহি ও জনবান্ধবতা বাড়বে বলে প্রত্যাশা করেছে মন্ত্রণালয়।

