৩ বছর পার হলেই বদলি: ভূমি অফিসের জনবলের তালিকা তৈরির নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩১ পিএম
৩ বছর পার হলেই বদলি: ভূমি অফিসের জনবলের তালিকা তৈরির নির্দেশ

ভূমিসেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে মাঠ পর্যায়ে বড় পরিবর্তন আসছে। ভূমি মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে টানা তিন বছর বা তার বেশি সময় একই কর্মস্থলে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তা-কর্মচারীকে ক্রমান্বয়ে অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়। পরিপত্রটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

পরিপত্রে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও সম্পদের সঙ্গে সরাসরি জড়িত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এ খাতে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মাঠে কর্মরত জনবলের যথাযথ এবং সময়মতো পদায়ন অত্যন্ত জরুরি।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, একই এলাকায় দীর্ঘদিন কাজ করলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। সংবেদনশীল এ কাজে এমন পরিস্থিতি দায়িত্ব পালনের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে ব্যাহত করতে পারে। এ ধরনের ঝুঁকি এড়িয়ে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতেই নিয়মিত বদলি বা রোটেশনের বিকল্প নেই বলে মনে করা হয়েছে।

এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ ও দায়িত্বকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তালিকা যাচাই শেষে তিন বছর বা তার বেশি সময় একই স্থানে কর্মরতদের পর্যায়ক্রমে বদলির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এ উদ্যোগে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে বড় রদবদলের সূচনা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...