তিন বছর এক কর্মস্থলে নয়: ভূমি অফিসের কর্মীদের বদলির প্রস্তুতি

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ পিএম
তিন বছর এক কর্মস্থলে নয়: ভূমি অফিসের কর্মীদের বদলির প্রস্তুতি

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ের এমন সব কর্মকর্তা-কর্মচারী, যাঁরা একটানা তিন বছর বা তার বেশি সময় একই জায়গায় দায়িত্ব পালন করছেন, তাঁদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের হালনাগাদ তালিকা তৈরি করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে গত ১ সেপ্টেম্বর এ বিষয়ে পরিপত্র জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

পরিপত্রে উল্লেখ করা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সরাসরি জড়িত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এখানে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক জনসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন অত্যন্ত জরুরি। দীর্ঘদিন একই দায়িত্বে থাকলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থের সংশ্লিষ্টতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যা দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত করতে পারে। তাই জনগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এ কার্যক্রমে নিয়মিত রোটেশনের মাধ্যমে ঝুঁকি হ্রাস এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা সমীচীন বলে মন্তব্য করা হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরতদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, ওই স্থানে যোগদানের তারিখ এবং কর্মকাল উল্লেখ করে একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করবেন। এরপর তালিকা পর্যালোচনা শেষে তিন বছর বা তদূর্ধ্বকাল একই কর্মস্থলে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।

সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্বে থাকাকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে মন্ত্রণালয় প্রত্যাশা করছে, বদলির এই ব্যবস্থা ভূমিসেবায় স্বচ্ছতা ও জনবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...