ঝগড়ার পর কামরাঙ্গীরচরে তরুণীর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার দাবি স্বজনদের
রাজধানীর কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকার ঝাউলাহাটির একটি বাসা থেকে মিথিলা আক্তার নীলা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদেশে থাকা সাবেক স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলা বিষয়ে বর্তমান স্বামীর সঙ্গে তর্কাতর্কির পর তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন তার স্বজনরা। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে ঘটনাটি ঘটে।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে তারা নীলার মরদেহ উদ্ধার করেন। আইনি কাজ শেষে শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এলাকাবাসীর তথ্যে প্রাথমিকভাবে ধারণা মিলেছে, ঝগড়ার পর স্বামীর প্রতি অভিমান করে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি জীবন দিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা।
নিহত নীলা ঢাকার সাভার উপজেলার বড় ওয়ালিয়া এলাকার জসিমের মেয়ে। মা-বাবার একমাত্র সন্তান তিনি। দেড় বছর আগে ইফতি নামের এক তরুণের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ে ভাঙার পরপরই তিনি শাকিলকে বিয়ে করে ঝাউলাহাটির বাসায় সংসার শুরু করেন।
নীলার মামা সাদ্দাম হোসেন জানান, দুজনের মধ্যে সংসারে কোনো বিবাদ ছিল না। হঠাৎ বিদেশে অবস্থানরত সাবেক স্বামী ইফতির সঙ্গে মিথিলার ফোনে কথা হলে বিষয়টি জানতে পেরে স্বামী শাকিলের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এরপরই অভিমানে তিনি এমন কাণ্ড ঘটান বলে প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ পাবে বলে পুলিশ জানিয়েছে।

