রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন
বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে পাঠানো অভিনন্দন বার্তার বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস।
অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও শান্তির কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের জন্য অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
এছাড়া আলাদা আলাদা বার্তায় মির্জা ফখরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। একইভাবে অভিনন্দন পাঠিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও।
দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত। উল্লেখ্য, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে রয়েছে প্রগাঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক।

