শুধু হিস্যা নয়, সংশোধন প্রক্রিয়ায়ও আসুন বিরোধীদল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে জাতীয় সংসদে হট বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিরোধীদলীয় নেতার প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে সংবিধান সংশোধনের মূল প্রক্রিয়ায় একযোগে কাজ করার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কেবল অধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরলে কিংবা স্থায়ী কমিটির সভাপতি পদের হিস্যা দাবি করলেই উদ্দেশ্য পূরণ হবে না। জুলাই সনদের সম্পূর্ণ রূপায়ণ নিশ্চিত করতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধনের মূল ধারায়ও সামনে এসে ভূমিকা রাখতে হবে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে উপস্থিতির প্রশংসা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, মন্ত্রী সংসদে থাকলেই অধিবেশন প্রাণবন্ত হয়ে ওঠে। আজকের অধিবেশনেও সেটির প্রমাণ মেলেছে। অন্য মন্ত্রিপরিষদ সদস্যরা অনুপস্থিত থাকলেও সমস্যা হয় না, এ কারণেই তিনি নিজে চিন্তার মধ্যে পড়েননি।
নবম জাতীয় সংসদের নজির টেনে জামায়াত আমির জানান, অতীতে বিরোধী দল থেকে স্থায়ী কমিটির সভাপতি দেওয়ার প্রচলিত নজির না থাকলেও ওই সংসদে ব্যতিক্রম ছিল। সেখানে বিরোধী দলের সদস্য ছিলেন মাত্র দুজন, সরকারি দলের ২৪ জন মিলিয়ে মোট ২৬ জন; তবু বিরোধী দলের দুজনই স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সে সংসদের সদস্য ছিলেন না বলে এ তথ্য তার গোচরে আসেনি; এজন্য তাকে দোষ দিতে চান না তিনি।
শেষে ডা. শফিকুর রহমান বলেন, তিনি ও প্রধানমন্ত্রী দুজনেই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। সনদের বাস্তবায়ন যেভাবেই হোক, একতরফা হলেও তারা ক্ষুব্ধ হবেন না; মূল চাওয়া হলো সনদের পূর্ণ রূপায়ণ। নামাজের ইমাম সাহেবের লোকমা দেওয়ার দৃষ্টান্ত টেনে তিনি মজা করে বলেন, তিনি কেবল একটি লোকমা দিচ্ছেন, এর বেশি কিছু নয়।

