ভালভ জটিলতায় রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোয় ধীরগতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভের ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর নির্ধারিত সময়সীমা আর টিকছে না। এমন তথ্য দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন। ওই সংবাদ সম্মেলনটি বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন তুলে ধরতে আয়োজন করা হয়।
মন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে ধাপে ধাপে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। শুরুতে ধারণা ছিল, চার থেকে ছয় মাসের মাথায় বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। কয়েকটি ধাপের পরীক্ষা শেষ করে ইতিমধ্যে ‘বি’ স্টেজ সম্পন্ন হলেও দুটি সেফটি ভালভে ত্রুটি থাকায় ‘সি’ স্টেজে ওঠা সম্ভব হচ্ছে না।
ফকির মাহবুব আনাম জানান, সমস্যার কারণ খুঁজে বের করতে রাশিয়া থেকে বিশেষজ্ঞদের একটি দল আসছে। তার ভাষায়, বিষয়টি আড়াল না করেই প্রকাশ্যে বলা হচ্ছে; যেখানে সমস্যা সেখানেই সমাধান করা হবে। প্রয়োজনে দ্বিতীয় ইউনিটের ভালভ প্রথম ইউনিটে প্রতিস্থাপন করা হবে, নয়তো বিদ্যমান ভালভ স্বল্প সময়ের মধ্যে সংস্কারের নির্দেশ দেওয়া হবে।
একই সংবাদ সম্মেলনে দেশের ব্যান্ডউইথ সংকট ও বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের লাইসেন্স নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কোনো পূর্বানুমোদন ছাড়া আলাদাভাবে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠনের সুযোগ নেই। স্বতন্ত্র লাইসেন্সধারী কোম্পানিগুলো মিলে সাবমেরিন কেবল নিয়ে কনসোর্টিয়াম করাটা নিয়মনীতির বাইরে বলে মনে করছেন তিনি।

