জুলাই সনদ বাস্তবায়নে সংশোধন প্রক্রিয়ায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:০১ এএম
জুলাই সনদ বাস্তবায়নে সংশোধন প্রক্রিয়ায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে শুধু হিস্যা বা পদের দাবিতে সীমাবদ্ধ থাকতে হবে না, বরং সংবিধান সংশোধনের মূল প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে সংসদীয় কমিটিতে বিরোধীদলের প্রতিনিধিত্ব ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার সময় তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

বিরোধীদলীয় নেতার প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী শিবিরের প্রতি ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কেবল অধিকার প্রতিষ্ঠা বা স্থায়ী কমিটির সভাপতিত্ব লাভের হিসাব-নিকাশে থেমে থাকলে হবে না; জুলাই জাতীয় সনদের সম্পূর্ণ বাস্তবায়নে বিরোধীদের মূল সংশোধন প্রক্রিয়াতেও এগিয়ে আসতে হবে।

এর জবাবে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে উপস্থিতির ভূযসী প্রশংসা করে বলেন, মন্ত্রী সংসদে থাকলে অধিবেশন প্রাণবন্ত থাকে এবং তিনি থাকলে মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা না থাকলেও কোনো সমস্যা হয় না। আজকের অধিবেশনেও তার প্রমাণ মিলেছে বলে তিনি উল্লেখ করেন।

স্থায়ী কমিটিতে বিরোধীদলের সভাপতি দেওয়ার বিষয়ে অতীতে কোনো নজির নেই বলে মন্ত্রীর দাবির জবাবে জামায়াত আমির বলেন, ব্যতিক্রম হিসেবে নবম জাতীয় সংসদের উদাহরণ রয়েছে। ওই সংসদে বিরোধীদলে তাঁরা মাত্র দুজন ছিলেন, সরকারি দলের সদস্য ছিলেন ২৪ জন, সব মিলিয়ে ২৬ জন। তবু সেখানে বিরোধী দল থেকে দুইজন স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। ফলে নজিরের অভাব নেই বলে তিনি জোর দিয়ে বলেন। এ ছাড়া নামাজে ইমাম সাহেবের সুরা-কালামে সমস্যা হলে মুক্তাদিরের দায়িত্ব লোকমা দেওয়া, তিনিও ঠিক সেই লোকমাই দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। তবে ওই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সদস্য ছিলেন না বলে তথ্যগত ফাঁকটা স্বাভাবিক বলেও তিনি ইঙ্গিত করেন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেছেন। বাস্তবায়ন বিভিন্ন পথে হতে পারে; একতরফা হলেও তাঁরা ক্ষুব্ধ হবেন না, তবে তাঁরা চান সনদের প্রকৃত বাস্তবায়ন। সংসদে এদিনের এই বিনিময়ে জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে সরকার-বিরোধীদলের চলমান আলোচনার ভাব প্রকাশ পেয়েছে এবং সবপক্ষের সম্মতিতে সংস্কার এগিয়ে নেওয়ার বিরোধীদলের দাবি আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...