রূপপুরের ১ নম্বর ইউনিটে ভালভ জটিলতা, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছোচ্ছে

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৩ এএম
রূপপুরের ১ নম্বর ইউনিটে ভালভ জটিলতা, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছোচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভের ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর নির্ধারিত সময়সীমা টেনে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। সে সময় পরিকল্পনা ছিল চার থেকে ছয় মাসের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চালু করা। ধাপে ধাপে পরীক্ষার ‘বি’ স্টেজ ইতিমধ্যে শেষ হলেও দুটি সেফটি ভালভে সমস্যা থাকায় ‘সি’ স্টেজে যাওয়া এখন আটকে গেছে।

সমস্যার সমাধান নিয়ে ফকির মাহবুব আনাম বলেন, বিষয়টি লুকানোর কিছু নেই। ভালভ কেন কাজ করছে না তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান করা হবে। প্রয়োজনে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন করা হবে, অথবা বিদ্যমান ভালভ কম সময়ের মধ্যে সংস্কারের নির্দেশ দেওয়া হবে।

একই সংবাদ সম্মেলনে ব্যান্ডউইথ সংকট এবং বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম লাইসেন্স ঘিরে সৃষ্ট জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া আলাদা লাইসেন্সধারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই মিলে কনসোর্টিয়াম করে সাবমেরিন কেবল নিয়ে এসেছে, যা সম্পূর্ণ নিয়মনীতি বহির্ভূত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...