ভূমিকম্পসহ বড় দুর্যোগে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার
ভূমিকম্পের মতো বিপর্যয়কর দুর্যোগে দ্রুত উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরির কাজ এগিয়ে নিচ্ছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন জানিয়েছেন, ১ লাখ স্বেচ্ছাসেবকের লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে ৭০ হাজারকে প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। সংরক্ষিত নারী আসন-১০ এর সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লিখিত প্রশ্নে মনি ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি এবং উদ্ধার সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছিলেন।
প্রতিমন্ত্রী জানান, ভূমিকম্পের পর দ্রুত ও যথাযথভাবে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলার কাজ চলছে। তাদের বিভিন্ন দুর্যোগে দক্ষতার সঙ্গে উদ্ধার কাজ করতে সক্ষম করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতেও নানা কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উদ্ধার সরঞ্জাম প্রসঙ্গে এম ইকবাল হোসেইন বলেন, ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা বেশ দীর্ঘ। সরকার ইতোমধ্যে বিভিন্ন সরঞ্জাম ক্রয় করে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসারসহ দুর্যোগ মোকাবিলায় সরাসরি যারা কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করেছে। আরও কিছু অত্যাবশ্যকীয় সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যার টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

