গেন্ডারিয়ায় মাদক নিয়ন্ত্রণে টক্কর, অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:০২ পিএম
গেন্ডারিয়ায় মাদক নিয়ন্ত্রণে টক্কর, অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৪

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে ঘিরে সংঘটিত গোলাগুলির ঘটনায় চারজনকে অস্ত্রসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। আটক ব্যক্তিদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র এবং ১৬০ পিস ইয়াবা বাজেয়াপ্ত করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, গত ৩০ আগস্ট সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে গেন্ডারিয়ার স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি হয়। এ সময় উভয় দলের মধ্যে গোলাগুলি ছাড়াও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পথচারী ও দোকানদারসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি ডিবির ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় সম্পৃক্ত অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

মো. শফিকুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে যাদের শনাক্ত করা গেছে, তাদেরই গ্রেফতার করা হয়েছে। যার হাতে বড় চাকু দেখা গিয়েছিল, তাকে সেই চাকুসহ আটক করা হয়েছে। একইভাবে অস্ত্রধারীদের মধ্যে দুজন চিহ্নিত হলেও একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদাত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক কারবারে সম্পৃক্ত বাকি অস্ত্রধারীদের খোঁজে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...