কারামুক্তি থেকে প্রধানমন্ত্রিত্ব: আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির আজ ১৯ বছর পূর্ণ হলো। ২০০৮ সালের এই দিনে, ৩ সেপ্টেম্বর, দীর্ঘ বন্দি জীবন শেষে তিনি জামিনে মুক্তি পান। প্রতি বছরের মতো এবারও দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে ঢাকা ক্যান্টনমেন্টের তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অবৈধ ১/১১ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ষড়যন্ত্রের মাধ্যমে এই গ্রেপ্তার কার্যকর করে। তৎকালীন সময়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। কারান্তরীণ অবস্থায় তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল।
বিনা বিচারে প্রায় ১৮ মাস বন্দি থাকার পর তার বিরুদ্ধে করা সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন মেলে। মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালেই তিনি ইংল্যান্ডে চলে যান। দীর্ঘদিনের প্রবাস জীবন কাটিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ২০২৫ সালের ২৫ ডিসেম্বর।
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। জনগণের ভোটে সরকার গঠনের পর থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। কারাগারের অন্তরীণ থেকে সরকারপ্রধানের চেয়ারে পৌঁছানোর এই অধ্যায় আজ দল ও তার সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে।

