চট্টগ্রামে মিয়ানমারে সার পাচারের সময় ৩ জন গ্রেপ্তার, ১১ টন সার জব্দ
চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারের উদ্দেশে বিপুল পরিমাণ রাসায়নিক সার পাচারের প্রস্তুতিকালে তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাদের দখল থেকে ১১ হাজার কেজি ওজনের সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাচারে ব্যবহৃত একটি ট্রাকও বাজেয়াপ্ত করেছে জলসীমা রক্ষাকারী এই বাহিনী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের একটি টিম বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হালিশহর থানার দবিরখাল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, পাচারকারীরা ট্রাক থেকে একটি ফিশিং বোটে সার তোলার কাজ করছিল, যা মিয়ানমারে পাঠানোর প্রস্তুতি ছিল। সেসময় ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানে বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার ২২০ বস্তা বা মোট ১১ হাজার কেজি সার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত পাচারকারী, উদ্ধার হওয়া সার ও ট্রাক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হালিশহর থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান ঠেকাতে সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

