যাত্রীশূন্য ফ্লাই দুবাই বিমানে তল্লাশি, মিলল ২০ কোটি টাকার সোনা

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ১:০৬ পিএম
যাত্রীশূন্য ফ্লাই দুবাই বিমানে তল্লাশি, মিলল ২০ কোটি টাকার সোনা

গোপন খবরের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীশূন্য বিমানে অভিযান চালিয়ে ৮০টি সোনার বার জব্দ করেছে কাস্টমস হাউস। আসনের নিচে লুকিয়ে রাখা এই সোনার মোট ওজন প্রায় ৯.৩৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এনবিআর জানিয়েছে, ২ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণকারী ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে সোনা চোরাচালানের তথ্য পাওয়ার পর ঢাকার কাস্টমস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিমানটিতে পৌঁছান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্লাইটটি তখন সম্পূর্ণ যাত্রীবিহীন। পরে বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে রাত ৯টা ৪০ মিনিটে বিমানটিতে বিশেষ তল্লাশি শুরু হয়।

তল্লাশির সময় একটি আসনের নিচ থেকে কালো স্কচটেপে মোড়া কয়েকটি প্যাকেট আবিষ্কৃত হয়। প্যাকেটগুলো কাস্টমস হলে নিয়ে সব সংস্থার সামনে ইনভেন্টরি করা হলে দেখা যায়, তাতে রয়েছে ৮০টি সোনার বার। প্রতিটি বারের ওজন ১১৬.৬৪ গ্রাম হিসেবে মোট সোনার পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ৩৩১ গ্রাম।

কাস্টমসের প্রাথমিক অনুমান, সরকার নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিতে অত্যন্ত কৌশলে আসনের নিচে সোনার বারগুলো লুকিয়ে দেশে আনা হয়েছিল। মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া এই মূল্যবান ধাতু বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কাও ছিল।

জব্দ করা সোনার বারগুলো অধিক মূল্যবান হওয়ায় এরই মধ্যে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান পণ্যের গুদামে সুরক্ষিত রাখা হয়েছে। প্রচলিত স্থায়ী নির্দেশনা অনুসারে এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার আনুষ্ঠানিকতা চলছে বলে জানিয়েছে এনবিআর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...