ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও দুই এমপি অন্তর্ভুক্ত

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৯:০০ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও দুই এমপি অন্তর্ভুক্ত

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন বোর্ড অব গভর্নরস গঠন করেছে সরকার। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫’-এর ৬(১) ধারা অনুযায়ী এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন এই বোর্ডে মোট ১৩ সদস্য রয়েছেন। এর মধ্যে ছয়জন পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন এবং বাকি সাতজনকে সরকার মনোনীত করেছে। পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সদস্য-সচিব হিসেবে এই বোর্ডে থাকবেন।

সরকার মনোনীত সাত সদস্যের মধ্যে রয়েছেন দুইজন সংসদ সদস্য এবং পাঁচজন দেশের প্রখ্যাত আলেম। সংসদ সদস্য হিসেবে আছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়েস ও কক্সবাজার-৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী। আলেমদের মধ্যে রয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি আজাহারুল ইসলাম ও মুফতি শরীফ উল্লাহ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদাধিকার বলে নিযুক্ত সদস্য ছাড়া বাকিদের মেয়াদকাল হবে তিন বছর। তবে তিন বছর পূর্ণ হওয়ার পরও সরকার নতুন কাউকে মনোনীত না করা পর্যন্ত তারা তাদের দায়িত্ব চালিয়ে যাবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...