জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক, বিপুল অস্ত্র উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৩ পিএম
জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক, বিপুল অস্ত্র উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, শটগান ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও যাত্রাবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রধান আসামিরা হলেন মোহাম্মদপুরের বটতলা এলাকা থেকে ৯০০ গ্রাম হেরোইনসহ আটক হওয়া শীর্ষ সন্ত্রাসী মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদ এবং লাউতলা এলাকা থেকে একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও গুলিসহ আটক হওয়া শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম সরকার ওরফে রাব্বি। এছাড়াও একই এলাকা থেকে কিশোর গ্যাং লিডার রিয়াদ হোসেন ওরফে রজব আলী ও রমজানকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়। ছিনতাইকারী ইয়াসিন কবির ওরফে অয়নকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে র‌্যাব।

অভিযানের অন্যতম সাফল্য হলো সাত মসজিদ হাউজিং এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা। শেরেবাংলা নগর থেকে সাজাপ্রাপ্ত আসামি মনির বেপারী এবং তেজগাঁও রেলগেট এলাকা থেকে ৩৫০ গ্রাম হেরোইন ও ৮২০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...