ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে অনুপযুক্ত গাড়ি

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৩:২২ পিএম
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে অনুপযুক্ত গাড়ি

রাজধানীর রাস্তায় চলাচলকারী লক্কড়-ঝক্কড় বাসগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব গাড়ির ফিটনেস অনুমোদন রয়েছে কিন্তু বাস্তবে চলাচলের অনুপযুক্ত, সেই সব বাস আর ঢাকার রাস্তায় চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পুলিশ কর্মকর্তা জানান, গত জুন মাসে ১১৯টি, জুলাই মাসে ১৭১টি মামলা দায়ের করা হয়েছে এসব অনুপযুক্ত গাড়ির বিরুদ্ধে। এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ ও অর্থনৈতিক জীবন শেষ হওয়া ৪০টি গাড়ি বিআরটিএর কাছে পাঠানো হয়েছে।

মহাখালী টার্মিনালের কার্যক্রম পূর্বাচলে স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, পূর্বাচলে ১০ একর জমিতে নতুন বাস ডিপোর কাজ চলছে। বর্তমানে এক-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হওয়ায় সেখানে ১৫০টি বাস ধরা সম্ভব হচ্ছে। পুরো প্রকল্প শেষ হলে ৬০০টি বাস রাখার সুবিধা থাকবে। রাজউক এই প্রকল্প বাস্তবায়ন করছে এবং পুরোপুরি সম্পন্ন হতে আরো তিন মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।

মহাখালী টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষারত বাসগুলো এখন থেকে পূর্বাচলের তিন নম্বর সেক্টরে যাবে। সেখানেই বাসের রং, সিট পরিবর্তনসহ সব ধরনের মেরামত কাজ সম্পন্ন হবে। সরকার পরিবহন মালিক ও শ্রমিকদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন তাদের পূর্বাচলে যেতে হবে এবং পুলিশ মাঠে থেকে এটি নিশ্চিত করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...