বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সহায়তা পেল ১৫শ’ পরিবার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১৫শ’ পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এসব খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সচিব ড. মো. জাকারিয়া। এ সময় বাংলাদেশে নিয়োজিত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের জরুরি প্রয়োজন ও দুর্ভোগ লাঘবেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দুর্যোগে ঘরবাড়ি ও জীবিকা হারায় যাওয়া মানুষদের জরুরি সহায়তা প্রদানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মাঝে এ ধরনের সহায়তা বিতরণের পরিকল্পনা রয়েছে ইউএই সরকারের, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

