মেয়াদ বাড়িয়ে ভেজাল দুধ বিক্রি, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা
মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের প্যাকেজের তারিখ পরিবর্তন করে বাজারজাত করার দায়ে চট্টগ্রামের চিটাগাং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে অননুমোদিতভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য মোড়কজাতকরণের অপরাধে রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে এই অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।
অভিযানে দেখা যায়, ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামক পণ্যের ওপর বিএসটিআইয়ের লোগো ব্যবহার করলেও তার কোনো আইনানুগ অনুমোদন ছিল না। এছাড়া নির্দিষ্ট ফর্মুলা মেনে না বানিয়েও ফুলক্রিম গুঁড়ো দুধ হিসেবে পণ্যটি বিক্রি করছিল কোম্পানিটি। সবচেয়ে গুরুতর অপরাধ হলো, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া গুঁড়ো দুধের প্যাকেজের এক্সপায়ারি ডেট বা মেয়াদ পরিবর্তন (ডেট টেম্পারিং) করে নতুন করে সেগুলো বিক্রির জন্য গুদামজাত রাখা হচ্ছিল।
একই অভিযানে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ এবং অননুমোদিত ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াবার্গার বাইট নামের একটি ফাস্টফুড দোকানে অপরিচ্ছন্নতার দায়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফয়েজ উল্ল্যাহ বলেন, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

