নামাজ, কুরআন ও হাদিস এখন এক প্ল্যাটফর্মে, চালু হলো ‘প্রিয় মুসলিম’
দেশের ধর্মপ্রাণ মানুষদের জন্য ‘প্রিয় মুসলিম’ নামের একটি নতুন ওয়েব অ্যাপ উন্মোচন করা হয়েছে। গত রোববার (৩০ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য হলো কুরআন, হাদিস, নামাজের সময়সূচি, যাকাতের হিসাব এবং দোয়া-মাসআলার মতো প্রয়োজনীয় ধর্মীয় তথ্য এক জায়গায় উপস্থাপন করা।
এই অ্যাপে বাংলাদেশের ৬৪ জেলার নামাজের সময়সূচি সুনির্দিষ্টভাবে জানা যাবে। ব্যবহারকারীরা তাদের জেলা নির্বাচন করে ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার সময় জানতে পারবেন। এছাড়াও বর্তমানে কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তী ওয়াক্ত শুরু হতে আর কতক্ষণ বাকি, তার কাউন্টডাউনও এখানে দেখা যাবে।
প্ল্যাটফর্মটিতে কুরআনের ১১৪টি সূরার আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিও তিলাওয়াত অন্তর্ভুক্ত করা হয়েছে। সাথে রয়েছে বুখারি, মুসলিম ও তিরমিজির হাদিস এবং বিষয়ভিত্তিক দোয়া ও মাসআলার সংগ্রহ। যাকাত নির্ণয়ে সহায়তার জন্য এতে একটি ক্যালকুলেটর এবং জিকিরের গণনার জন্য ডিজিটাল তসবিহ রাখা হয়েছে।
‘প্রিয় মুসলিম’ ওয়েব অ্যাপের উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, বর্তমানে আরও ৫০০টির বেশি হাদিস ও ২৫০টির অধিক মাসআলা যুক্ত করার কাজ চলমান। তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে ধর্মীয় তথ্য সহজলভ্য করা এবং এক প্ল্যাটফর্মে সব সেবা প্রদানের মাধ্যমে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।

