প্রবাসীদের বিমান ভাড়া কমাতে ও সিন্ডিকেট ঠেকাতে নতুন উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৪:৫৫ পিএম
প্রবাসীদের বিমান ভাড়া কমাতে ও সিন্ডিকেট ঠেকাতে নতুন উদ্যোগ

প্রবাসী কর্মীদের স্বার্থে এবং বিমানের টিকিট নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, এ খাতে অনিয়ম ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীদের স্বার্থ রক্ষা ও টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ১০ দফা সম্বলিত একটি পরিপত্র জারি করেছে। এর আওতায় সব ট্রাভেল এজেন্সিকে বিমান টিকিটে তাদের নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এটি কার্যকর করা হলে টিকিটের কালোবাজারি রোধে এবং যাত্রীদের হয়রানি বন্ধে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে মন্ত্রণালয়।

বিমান ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, সারা বিশ্বে এভিয়েশন খাতে জ্বালানির দাম, ট্যাক্স, রুট, চাহিদা এবং আসন প্রাপ্যতার ওপর ভিত্তি করে ‘ডাইনামিক প্রাইসিং’ বা চলমান মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হয়। তাই বিভিন্ন সময়ের ভাড়ার তুলনা করা একেবারেই যৌক্তিক নয়। তবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় বা প্রণোদনা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...