আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২%, নারী হত্যা ৭৫ শতাংশ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের আগস্ট মাসে জুলাইয়ের তুলনায় দেশে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ৭২ শতাংশ এবং নারী ও শিশু হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত মাসিক প্রতিবেদনে সংস্থাটি জানায়, আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার মোট ঘটনা ৩০৬ থেকে বেড়ে ৩২৭-এ দাঁড়িয়েছে, যা গত মাসের চেয়ে ২১টি বেশি। একই সময়ে ধর্ষণ ও হত্যা জড়িত ঘটনা বেড়েছে ৬৭ শতাংশ এবং আত্মহত্যার হার বেড়েছে ৩৯ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নারী ও শিশু হত্যার সংখ্যা ৫২ থেকে বেড়ে ৯১-এ পৌঁছেছে। এছাড়া বেআইনি সালিশের মাধ্যমে বিচারের ঘটনাও ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমএসএফ জানায়, লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় এক শিক্ষক নিহত ও একজন আহত হয়েছেন। সারা দেশে জুয়া সংক্রান্ত ঘটনায় নেত্রকোনা, যশোর, রংপুর ও ঢাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। অন্যদিকে মাদক মামলায় আটকের সংখ্যাও বেড়েছে ১২৯ শতাংশ।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারবহির্ভূত শাস্তির কয়েকটি উদাহরণও তুলে ধরা হয়েছে। গাইবান্ধায় ধর্ষণের অভিযোগে এক নারীকে অভিযুক্তর সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নোয়াখালীতে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শরীয়তপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা সালিশে ১ লাখ টাকায় মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আগস্টে ৩টি জীবিত নবজাতক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও তাদের প্রকৃত অভিভাবকদের শনাক্ত করতে কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

