গুম মামলায় ক্ষমতাশালীরাও রেহাই পাবেন না: আইনমন্ত্রীর ঘোষণা
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পষ্ট জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি, সে যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের মুখোমুখি করা হবে। রোববার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়া ধীরগতির হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতেই একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ চলছে। তারা কোনো প্রশ্নবিদ্ধ বা লোক দেখানো বিচার চান না। গত ছয় মাসে দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাযুক্ত কোনো গুমের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। মোংলায় মিরাজ শেখের গুমের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা প্রদান করছে।
সংসদে গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় বিরোধীদলের ওয়াকআউটের বিষয়টিও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি প্রশ্ন রাখেন, আইন উত্থাপনের সময় ওয়াকআউট করা কি সুস্থ রাজনীতির অংশ? এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

