বিদ্যুৎ ঘাটতিতে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে
বিদ্যুৎ উৎপাদনের সাথে চাহিদার ব্যবধানের কারণে আজ শুক্রবার (২৮ আগস্ট) সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। পাওয়ার সিস্টেম কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ১১টায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে ১৭ হাজার ১৪০ মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন থাকতে পারে ১৪ হাজার ৩১৭ মেগাওয়াট।
দিনের বিভিন্ন সময়ে লোডশেডিংয়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, দুপুর ১২টায় ৩৬৩ মেগাওয়াট, দুপুর ১টায় ১ হাজার ১৪১ মেগাওয়াট এবং বিকেল ৩টায় ৯৪১ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিকেল ৪টায় ৭৩৮ মেগাওয়াট এবং ৫টায় ৫২৭ মেগাওয়াট লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে ঘাটতিও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ২৬৮ মেগাওয়াট লোডশেডিংয়ের পর ৭টায় তা বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৮ মেগাওয়াটে। রাত সাড়ে ৭টায় ১ হাজার ৭০৪ মেগাওয়াট এবং ৮টায় ১ হাজার ৭৪৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।
রাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাত ৯টায় লোডশেডিং বেড়ে ২ হাজার ১৩৩ মেগাওয়াটে এবং ১০টায় ২ হাজার ১৬ মেগাওয়াটে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এরপর রাত ১১টায় দিনের সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। আগস্ট মাস জুড়েই বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে, বিভিন্ন সময়ে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।

