চট্টগ্রামের হাসপাতালগুলোতে অগ্নি-নিরাপত্তা ও পার্কিংয়ের ব্যাপক অব্যবস্থা, নির্দেশ চউকের
চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতাল, সুপারশপ এবং শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ স্থাপনা, পার্কিং সুবিধা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় গুরুতর অনিয়মের অভিযোগ পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গত সোমবার (২৪ আগস্ট) নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অনিয়ম ধরা পড়ে এবং দ্রুত তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
পরিদর্শনে দেখা যায়, ল্যানসেট হাসপাতাল কর্তৃপক্ষ আবাসিক ভবনের ভেতরে হাসপাতালের কার্যক্রম চালাচ্ছে এবং পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবৈধভাবে দোকান স্থাপন করেছে। এছাড়া হাসপাতালটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব রয়েছে। এ অবস্থায় চউক কর্তৃপক্ষ হাসপাতালটিকে এক মাসের মধ্যে পরিবেশ উন্নত করতে নির্দেশ দিয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিং স্পেসে গ্যাস সিলিন্ডার রাখা এবং অনুমোদিত নকশা না থাকায় তাদের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এদিকে, শেভরন হাসপাতালের নিচতলায় পার্কিং ব্যবস্থা নকশা অনুযায়ী সঠিক না থাকায় তাদের তিন মাসের সময় দেওয়া হয়েছে। বেলভিউ হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না থাকায় সেটি সাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে। চউক সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব অনিয়ম দূর না হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

