সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১:৪৯ এএম
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রণালয়গুলোর সংসদীয় কার্যাবলি পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গত সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে এই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ড. আব্দুল মঈন খান। তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আফরোজা খানমকে, যার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আমিন উর রশিদ। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে আন্দালিভ রহমানকে এবং তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রজ্ঞাপনে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পাশাপাশি তাদের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর ফলে সংসদীয় কার্যক্রমে কোনো প্রকার অস্পষ্টতা থাকবে না বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...