চট্টগ্রামে চার হাসপাতালে গুরুতর অনিয়ম, সংশোধনের সময়সীমা দিল চউক

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ২:৫৬ এএম
চট্টগ্রামে চার হাসপাতালে গুরুতর অনিয়ম, সংশোধনের সময়সীমা দিল চউক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শপিং মল ও শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার (২৪ আগস্ট) পরিদর্শনে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানে পার্কিং ব্যবস্থা, অগ্নি নিরাপত্তা এবং অনুমোদিত নকশা মেনে নির্মাণে ব্যাপক অবহেলা ও অনিয়ম রয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

ল্যানসেট হাসপাতালের বিরুদ্ধে আবাসিক ভবনের ভেতর হাসপাতাল পরিচালনা, নির্ধারিত পার্কিংয়ের জায়গায় দোকান স্থাপন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির অভিযোগ আনা হয়েছে। হাসপাতালটির ব্যবস্থাপনায় চরম ধরনের অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় কর্তৃপক্ষকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পরিবেশ উন্নত না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চউক। অন্যদিকে, ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিং এলাকায় গ্যাস সিলিন্ডার রাখা ও পর্যাপ্ত পার্কিং না থাকার কারণে তাদের অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

শেভরন ও বেলভিউ হাসপাতালেও পার্কিং নিয়ম লঙ্ঘনের প্রমাণ পায় পরিদর্শন দল। শেভরন হাসপাতাল কর্তৃপক্ষকে নকশা অনুযায়ী নিচতলায় পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে তিন মাস সময় দেওয়া হয়েছে। আর অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট স্থান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বেলভিউ কর্তৃপক্ষকে। সামগ্রিকভাবে রোগীদের যানবাহনের সুষ্ঠু পার্কিং ও নিরাপত্তা নিশ্চিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...