নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

প্রাইম বার্তা অনলাইন
২২ আগস্ট ২০২৬ ৯:২৭ পিএম
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

রাজধানীর গৌরবময় ইতিহাস ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মতিঝিলের মধুমিতা হলে শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকার সমৃদ্ধ অতীত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখায় দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই অনন্য উদ্যোগের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হবে। দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, একসময় সারাদেশে সাড়ে আটশ’র বেশি সিনেমা হল ছিল, যা বর্তমানে ১১৫টিতে নেমে এসেছে। স্মার্টফোন ও ডিজিটাল মাল্টিমিডিয়ার কারণে দর্শকদের মনোজগতে পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি কলাকুশলীদের দর্শকদের রুচি বিবেচনা করে সিনেমা নির্মাণ এবং এ খাতে সরকারের প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে একযোগে কাজ করবে। বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাগৃহের উদাহরণ টেনে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দর্শকদের মানসম্মত সিনেমা উপহার দিতে পারলে আমাদের চলচ্চিত্রে আবারও সুদিন ফিরে আসবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...