লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের সমালোচনায় তোপ তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ১০:২২ এএম
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের সমালোচনায় তোপ তারেক রহমানের

বিদ্যুৎ সংকটের কারণে দেশব্যাপী লোডশেডিংয়ের জন্য জাতির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন যে, কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে। শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সমালোচকদের কঠোর ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছেন, যারা নিজেরা ঘরে বসে হাতি পাখার বাতাস খাচ্ছেন এবং হাতে হারিকেন নিয়ে গ্যাস ও বিদ্যুতের দাবি জানাচ্ছেন। তিনি অতীতের দিকে ইঙ্গিত করে বলেন, তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল এবং সে সময় অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দেয়। বর্তমান সরকার এখন তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে এবং এ জন্য চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে।

বিরোধীদলকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, যদি তারা তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের পরিকল্পনা উপস্থাপন করতে পারেন, তবে সরকার তা গ্রহণ করবে। কিন্তু তা না করে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি সবাইকে বিশৃঙ্খলা সৃষ্টির রাজনীতি পরিহার করে জনগণের উন্নতিতে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...