বিদ্যুৎ-গ্যাস সংকটে তাৎক্ষণিক সমাধান নেই, দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান এমপি মিলন
রাজধানীর চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অদূর ভবিষ্যতে তাৎক্ষণিক কোনো ইতিবাচক সমাধান পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
করদাতাদের স্বার্থে ট্যাক্স প্রদানের সময় এক টাকাও ঘুষের বিনিময়ে হয়রানির শিকার হতে হবে না বলে দৃঢ় প্রত্যয়ী করেন এই সাংসদ। তিনি বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব জামায়াতের হাতে এলে নগর ব্যবস্থাপনাকে আমূল পরিবর্তন করা হবে। এছাড়া জলাবদ্ধতা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাইফুল আলম খান মিলন মনে করেন, দেশের এগিয়ে যাওয়ার প্রধান বাধা যোগ্যতার অভাব নয়, বরং প্রকট দুর্নীতি। তিনি জামায়াতের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রসংশা করে বলেন, এর মাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, নগর উন্নয়নের স্বার্থে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান জরুরি। একইসাথে দলীয় বা ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে নগরবাসীর কল্যাণে একসাথে কাজ করতে হবে।

