শাহজালালে সিআইআইডির অভিযান: ৪২ লাখ টাকার সোনা ও নিষিদ্ধ পণ্য জব্দ

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৯:৫৮ এএম
শাহজালালে সিআইআইডির অভিযান: ৪২ লাখ টাকার সোনা ও নিষিদ্ধ পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক চারটি ফ্লাইটে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসময় প্রায় ৪৩ লাখ টাকার সোনা, বিদেশি মদ, ওষুধ ও নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। শনিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। এক যাত্রীর ট্রলির বিশেষ গোপন স্থান থেকে ১৩৩ গ্রাম সোনা এবং তার লাগেজ থেকে বৈধ কাগজপত্রবিহীন ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

পৃথক আরেক অভিযানে এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে আসা যাত্রী জনি মিয়ার ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়, যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া এমিরেটসের ইকে-০৫৮৬ ফ্লাইটে আসা মো. মিজানুর রহমানের লাগেজ থেকে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস সিরাম জব্দ করা হয়।

সর্বমোট অভিযানে ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম এবং বিপুল পরিমাণ সোনা ও ওষুধ আটক করা হয়েছে। জব্দকৃত সব পণ্যের মোট মূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...