বাঁশখালীতে বন্যাদুর্গতদের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। আগামী রোববার (৯ আগস্ট) বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় এসব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে গত শুক্রবার (৭ আগস্ট) উপজেলা পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক জানান, বিভিন্ন উপজেলার মধ্যে বাঁশখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে জেলে সম্প্রদায় ও মাটির ঘরে বসবাসকারীদের আশ্রয় ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত এই পুনর্বাসন কাজ হাতে নেওয়া হয়। প্রতিটি ঘর দুই কক্ষবিশিষ্ট, যার আয়তন ১৮ ফুট বাই ১২ ফুট। এছাড়া পাঁচ ফুট বাই পাঁচ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে প্রতিটি ইউনিটে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঘরগুলো নির্মাণে ব্যবহার করা হয়েছে আরসিসি পিলার, কাঠ ও টিন।
এই প্রকল্পের মান নিশ্চিত করতে গঠন করা হয়েছে যৌথ তদারকি দল। উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা সার্বক্ষণিক নির্মাণকাজ তদারকি করছেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, শুধু ঘর নির্মাণই নয়, উপকারভোগীরা যেন দীর্ঘদিন নিরাপদে এখানে বসবাস করতে পারেন, সে বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

