রায়পুরে শহীদদের স্মরণে মাদকবিরোধী সেমিনার ও বৃক্ষ বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক অনন্য সেমিনার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজন করে সামাজিক উন্নয়ন সংস্থা আলফা স্টার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি স্পষ্ট জানান, যুব সমাজকে ধ্বংস করতে মাদক সামনের দালাল হিসেবে কাজ করছে এবং এর বিরুদ্ধে কোনো আপস নেই। মাদক কারবারিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংস্থার চেয়ারম্যান কামরুল হাসান ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, রায়পুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই সচেতনতামূলক কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা বিকাশে কুইজ, বিতর্ক ও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান রিপন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ শরিফ উদ্দিন।
সেমিনারে বক্তারা মাদককে একটি মারাত্মক সামাজিক ব্যাধি আখ্যা দিয়ে বলেন, এর থেকে রক্ষা পেতে পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। শেষে পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠানে আগত সবার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

