রায়পুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার ডাক সাংসদ আবুল খায়েরের

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৩:৩৪ এএম
রায়পুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার ডাক সাংসদ আবুল খায়েরের

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন আলফা স্টার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, যুব সমাজকে ধ্বংস করতে মাদক একটি প্রধান অস্ত্র হিসেবে কাজ করছে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে মাদক কারবারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান রিপন, লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন ও কে এস পি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাহারুল আলম।

আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বক্তব্য প্রদানকালে জানান, রায়পুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক কুইজ, বিতর্ক ও বৃত্তি পরীক্ষার আয়োজন অব্যাহত থাকবে। বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...