জুলাই যোদ্ধাদের ত্যাগের ফলে আজকের বাংলাদেশ, পুনর্বাসনের ঘোষণা প্রতিমন্ত্রীর
ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটে, যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে।
বুধবার নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কঠিন সময়ে নান্দাইলে কেউ দলকে নেতৃত্ব দিতে না চাইলেও তিনি নীরবে স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করে রাজপথে লড়াই করেছেন। তার এই বক্তব্যের মাঝে উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
সভায় শহীদ পরিবারদের কল্যাণে বেশ কয়েকটি বাস্তবমুখী পদক্ষেপের ঘোষণা দেন তিনি। তালিকাভুক্ত শহীদ পরিবারগুলোর জন্য আগামী দুই মাসের মধ্যে আধাপাকা ঘর নির্মাণ এবং আগামী সাত দিনের মধ্যে তাদের বাড়িতে নলকূপ স্থাপন করে দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করা হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

