জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার ডাক
সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একইসাথে তিনি সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
গত ৫ আগস্ট বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বিপ্লবের মূল লক্ষ্য থেকে কেউ যেন বিচ্যুত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তরুণ প্রজন্মের স্বপ্ন রক্ষা করা আমাদের দায়িত্ব। অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই শহীদদের স্মরণ করে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান দেশের যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যতে ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়তে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার কথা বলেন।

