জুলাই শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রেরণা হবে: নিশাত তাবাসসুম
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা নিশাত তাবাসসুম প্রাপ্তি বলেছেন, এই আন্দোলন কেবল একটি স্মৃতিচিহ্ন নয়, বরং এটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দায়িত্বও তাদের ওপর অর্পণ করেছে। গত বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, দেশের মানুষের অধিকার আদায়ে তারা রাজপথে নেমেছিলেন, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়।
নিশাত তাবাসসুম প্রাপ্তি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নেই তারা আত্মনিয়োগ করেছেন। আন্দোলনের সাফল্যের কৃতিত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও তারা নীরবে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। কারণ ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে দেশের কল্যাণ এবং মানুষের সেবা করার সুযোগটুকুই তাদের কাছে সবচেয়ে বড় অর্জন।
রাষ্ট্রের কাছে তার কোনো ব্যক্তিগত দাবি নেই জানিয়ে তিনি দুটি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের পাশাপাশি সকল সংগ্রামীকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান প্রদান করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই যেন শুধুই ইতিহাসের একটি অধ্যায় হয়ে না থাকে, বরং ভবিষ্যতে রাষ্ট্র গঠনে এটি যেন এক মহৎ প্রেরণায় পরিণত হয়।

