জুলাইতে কমেছে নির্যাতন, বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা: এমএসএফ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) জুলাই মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশে নারী ও শিশু নিরাপত্তার চিত্র উঠে এসেছে। চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা কমলেও ধর্ষণ ও আত্মহত্যার মতো গুরুতর অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। সংস্থাটির প্রতিবেদনে এ মাসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন তোলা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন মাসে ৩২০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও জুলাই মাসে তা কমে ৩০৬টিতে দাঁড়িয়েছে। তবে ধর্ষণের ঘটনা ৬৮ থেকে বেড়ে ৯০টিতে পৌঁছেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। একইসঙ্গে আত্মহত্যার ঘটনা ১৭ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। যৌন নিপীড়নের ঘটনাও ২১ থেকে বেড়ে ২২টিতে উন্নীত হয়েছে। অপরদিকে, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, শারীরিক নির্যাতন এবং হত্যার মতো ঘটনার সংখ্যা জুলাইতে কমেছে।
এমএসএফ জানায়, মোট ঘটনার সংখ্যা হ্রাস পেলেও সহিংসতার ধরন আরও জটিল ও উদ্বেগজনক রূপ নিচ্ছে। ধর্ষণ ও আত্মহত্যার বৃদ্ধি নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ এবং বিচারহীনতার সংস্কৃতির ইঙ্গিত দেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে তিনটি ফৌজদারি অপরাধ স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে, যা আইনের শাসনের জন্য হুমকি। অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা থাকলেও মাদক ব্যবসায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।

