হজ মেলায় প্যাকেজের দাম নয়, সেবার মানে মনোযোগ যাত্রীদের
রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। গত শুক্রবার (৩১ জুলাই) থেকে শুরু হওয়া এই মেলায় অংশ নিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ১৩৩টি সদস্য প্রতিষ্ঠান। মেলায় আগত সম্ভাব্য হজযাত্রীদের অভিমত, প্যাকেজের মূল্যের তারতম্যের চেয়ে সেবার মান, আবাসনের সুবিধা এবং এজেন্সির নির্ভরযোগ্যতাই তাদের কাছে মুখ্য বিষয়।
খোঁজ নিয়ে জানা যায়, অনেক হজযাত্রীই প্রতারণার শিকার হওয়া বা সেবার অবনতির ভয়ে এজেন্সি নির্বাচনে সতর্ক হচ্ছেন। স্ত্রীকে নিয়ে মেলায় আসা ব্যবসায়ী জাহিরুল ইসলাম জানান, তিনি ২০২৭ সালে হজ করার পরিকল্পনা করেছেন এবং সঠিক সেবা পাওয়ার জন্য স্টলগুলো ঘুরে দেখছেন। রামপুরার বাসিন্দা কাজল আহমেদের অভিজ্ঞতা, অনেক এজেন্সি প্যাকেজ বিক্রির সময় আশ্বাস দিলেও পরে খাবার ও হোটেলের অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়তে হয়, তাই স্বনামধন্য প্রতিষ্ঠান বেছে নেওয়া জরুরি।
তবে এজেন্সিগুলোর পক্ষ থেকে জানানো হয়, অনেক হজযাত্রী প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়াই সফরে যান, যা নানা সমস্যার সৃষ্টি করে। জেয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলস লিমিটেডের পরিচালক জাহিদুল ইসলাম বলেন, যাদের বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা একেবারেই নেই, তারা হজের নিয়ম-কানুন না জেনেই গিয়ে থাকেন। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এবং সঠিক প্রশিক্ষণ ও সার্বক্ষণিক সহযোগিতার জন্য ভালো এজেন্সি বেছে নেওয়া উচিত।

