ভিসা প্রতারণা বন্ধ করুন, না হলে কঠিন পরিণতি: প্রতিমন্ত্রী নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিবাসন ব্যবসায়ের নামে প্রতারণাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যারা এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা অবিলম্বে পথ পরিবর্তন করুন। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পাওয়ার কারণে এখন রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এমন অবস্থায় সংশোধন না হলে তাদের জন্য কঠিন পরিণাম অপেক্ষা করছে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রটেকশন (ওইপি) প্ল্যাটফর্মের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি অভিযোগ আসছে। অভিবাসী ও চাকরিপ্রার্থীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কিছু সিন্ডিকেটের বিরুদ্ধে। এমনকি সার্বিয়াসহ ইউরোপে পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও প্রমাণ পাওয়া গেছে।
নুরুল হক নুর জানান, সার্বিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে ২০০ থেকে ৭০০ জনের কাছ থেকে জনপ্রতি ৬ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়েছে। এছাড়া ইউরোপগামীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়া ও ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। এসব বিষয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিএমইটির ভ্রাম্যমাণ আদালত এ ধরণের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম বলেও জানান তিনি।

