সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চা: তথ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৯:৪৫ এএম
সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চা: তথ্যমন্ত্রী

সত্যিকারের ধর্মবিশ্বাসী কখনো অন্যের ধর্মকে অসম্মান করেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সব ধর্মের মানুষ নিজেদের নিজস্ব পথে সর্বশক্তিমানের কাছে পৌঁছার চেষ্টা করেন। আর এ কারণেই পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমের ওপর ভিত্তি করে ধর্মীয় বিশ্বাস ধারণ করাই হলো প্রকৃত ধর্মচর্চার মূল শিক্ষা।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পৃথিবীর বিভিন্ন ধর্মের মহাপুরুষরা বিভিন্ন পথে সর্বশক্তিমানের আরাধনা করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আল্লাহ, ঈশ্বর বা ভগবান— যে নামেই ডাকা হোক না কেন, প্রকৃত ধর্মপ্রাণ মানুষ অন্য সব ধর্মের মানুষের ঈশ্বরপ্রেমকেও সমান সম্মান দেন। তিনি জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে মানুষের সাথে ঈশ্বরপ্রেমের এক অনন্য বন্ধনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

সামাজিক সম্প্রীতির ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ জানিয়ে মন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক ও গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজ, রাষ্ট্র ও মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালায়। বাংলাদেশ ও প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদাহরণ রয়েছে।

তিনি এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীদের জাতি, ধর্ম ও মানবতার শত্রু বলে অভিহিত করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নিজের ধর্মীয় বিশ্বাসে অটল থেকে অন্য সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান দেখানোর মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...