বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা দুর্ভোগ
রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে থেমে থেমে বৃষ্টির কারণে তীব্র গণপরিবহন সংকট দেখা দেয়। রাত আনুমানিক সাড়ে ৯টায় আজিমপুরমুখী সড়কে শতাধিক মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন। ব্যাটারিচালিত অটোরিকশা ও টেম্পুর অপ্রতুলতায় যাত্রীরা প্রতিটি গাড়ি আসলেই তৎক্ষণাৎ উঠার চেষ্টা করেন, তবুও অনেককে হতাশ হয়ে ফিরে আসতে হয়।
চাঁদনী চক মার্কেটের একটি পোশাকের দোকানে কর্মরত রোকসানা বেগম জানান, প্রতিদিন মার্কেট ছুটির পর এই এলাকায় যানবাহনের সংকট লেগেই থাকে। তিনি বলেন, ‘সারাদিন কাজ করার পর ক্লান্তি নিয়ে টেম্পুর জন্য দাঁড়িয়ে থাকতে হয়। গত কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় এই ভোগান্তি আরও বেড়েছে। অনেক সময় ভিড়ের কারণে বাসায় ফেরার জন্য হেঁটেই রওনা দিতে হয়।’ এই এলাকার অধিকাংশ কর্মচারীর বাসা কামরাঙ্গীরচর ও লালবাগে হওয়ায় রাতে গণপরিবহন না পেলে তাদের দুর্ভোগ চরমে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, যাত্রীদের তুলনায় বাস ও অন্যান্য ছোট যানবাহনের সংখ্যা অপ্রতুল। আজিমপুর-উত্তরা রুটের এক বাসচালক জানান, সিএনজি গ্যাসের সংকটের কারণে অনেক বাস নিয়মিত চলাচল করছে না। এ কারণে যানবাহন কম থাকায় যাত্রীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চাপ বাড়লেও তাৎক্ষণিকভাবে যানবাহনের ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ।

