দক্ষিণ গফরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন, ঢাকায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
মাত্র পাঁচ মাসের ব্যবধানে দক্ষিণ গফরগাঁওয়ে যে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে, তা স্বাধীনতার পর থেকে আর কখনো হয়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে এলাকার পুরোচিত্র পাল্টে যাচ্ছে। এই অগ্রগতি অব্যাহত রাখতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরাম আয়োজিত ‘দক্ষিণ গফরগাঁও এর উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বাচ্চু বলেন, আগামী তিন বছরের মধ্যেই অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চেহারা বদলে যাবে। তিনি জানান, বর্তমানে পৌরসভায় ৩২ কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং আরও ১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া অতিরিক্ত ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হয়েছে এবং প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে এবং সাংবাদিক আনোয়ারুল কাইয়ুম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিজিএপিএমইএর সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মতি, অধ্যাপক ড. সিরাজুল হক ও বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। বক্তারা আগামী পাঁচ বছরে এলাকা থেকে কাঁচা রাস্তা দূর করে মাদকমুক্ত সমাজ ও আধুনিক অবকাঠামো নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

