অনিয়মের জেরে বন্ধ হওয়া সেবা প্রকাশনীর দায়িত্ব নিলেন মাসুমা মায়মুর

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৮:৫৭ পিএম
অনিয়মের জেরে বন্ধ হওয়া সেবা প্রকাশনীর দায়িত্ব নিলেন মাসুমা মায়মুর

জনপ্রিয় প্রকাশনী সংস্থা ‘সেবা প্রকাশনী’র নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এর উপদেষ্টা মাসুমা মায়মুর। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মাসুমা মায়মুর বলেন, প্রতিষ্ঠানের মালিক কাজী শাহনুর হোসেন ও কাজী মায়মুর হোসেন তাদের ব্যবসার পুরোটা পরিচালনার দায়িত্ব এখন থেকে তার ওপর অর্পণ করেছেন।

মাসুমা মায়মুর তার পোস্টে আরও উল্লেখ করেন, খুব দ্রুত সেবা প্রকাশনীর অডিট কার্যক্রম সম্পন্ন হবে। এরপরই তিনি ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজিয়ে পাঠকদের সামনে আসবেন। এর আগে গত ১৩ মে অভ্যন্তরীণ অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ অডিট শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানটির অংশীদার কাজী শাহানুর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে তখন জানানো হয়, বিভিন্ন আর্থিক অসঙ্গতি ও অনিয়মের কারণে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর মাসুমা মায়মুর গণমাধ্যমকে জানান, বাংলাবাজারসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে বই বিক্রির অর্থ নিয়মিত হিসাবভুক্ত হচ্ছিল না এবং একটি চক্র সেই অর্থ আত্মসাৎ করছিল। এ ঘটনায় রমনা থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...