১১২ টাকায় ১৮৮ জনের চাকরি: স্বচ্ছতার নজির তৈরি করলেন ত্রাণমন্ত্রী
স্বল্প খরচে সরকারি চাকরি পাওয়ার ঘটনাকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে যে ধরণের কাঠামো গড়ে তুলছে, তার বাস্তব উদাহরণ এই নিয়োগ প্রক্রিয়া।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরে যোগদান করা ১৮৮ জন নতুন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি জানান, এই ১৮৮ জন কর্মচারীকে নিয়োগ দিতে আবেদন থেকে শুরু করে যোগদান পর্যন্ত প্রতি ব্যক্তির জন্য মাত্র ১১২ টাকা ব্যয় হয়েছে, যা রীতিমতো অবিশ্বাস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন নতুন কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। এছাড়াও অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মো. সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভৌগোলিকভাবে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্যোগের সময় এই কর্মীরাই সাধারণ মানুষের আশার আলো হয়ে কাজ করবেন। তাই আগামী দিনে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় আরও গতি আনতে দক্ষ জনবল তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

