দল বহিষ্কারেই সাংসদ পদ যাবে না, সিদ্ধান্ত নিতে চিঠির অপেক্ষা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয়ভাবে বহিষ্কার করা হলেও তার এমপি পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দল কর্তৃক বহিষ্কারের ঘটনায় সংবিধান অনুযায়ী সরাসরি সাংসদ পদ হারানোর বিধান নেই। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে স্পিকারের মাধ্যমে সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পেতে হবে।
ইসি কমিশনার বলেন, আইনে স্পষ্ট উল্লেখ আছে যে, কোনো সংসদ সদস্য নিজের পদ থেকে ইস্তফা দিলে তার আসন শূন্য হয়। কিন্তু দল কর্তৃক বহিষ্কার করা হলে সংসদের পক্ষ থেকে সুপারিশ বা রেফারেন্স এলে তবেই আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। গাজী নজরুল ইসলামের বিষয়ে এখন পর্যন্ত সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি এলে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, একটি ভিডিও কেলেঙ্কারির জেরে গত বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক তরুণীর সাথে তার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে দলের গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী এই বহিষ্কার কার্যকর করা হয়।

