ম্যানিলায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) ৩৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বহুপক্ষবাদে বিশ্বাসী হওয়ার বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীতার সমর্থনে থাকা দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও সংলাপ ও কূটনীতিই সংকট সমাধানের সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেন মন্ত্রী। সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতে সংযম ও জাতিসংঘ সনদ (ইউএনক্লোস) মেনে চলার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে ড. খলিলুর রহমান বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে মাদক পাচার, মানবপাচার ও অস্ত্রের চোরাচালানের মতো আন্তঃসীমান্ত অপরাধ বেড়েছে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গারা রাষ্ট্রহীন হয়েছে পরিকল্পিতভাবে, পরিস্থিতির কারণে নয়; এটি একটি রাজনৈতিক ব্যর্থতা। রাখাইনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি ও আন্তর্জাতিক সমর্থন আদায়ে মিয়ানমারকে পদক্ষেপ নিতে হবে।
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন পররাষ্ট্রমন্ত্রী। দুর্যোগ ত্রাণবিষয়ক বৈঠকের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ এ ক্ষেত্রে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

